স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যার পরে আছিম আইডিয়ার একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশ গ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন।
এসময় কেন্দ্র নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিখন ও সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল। এতে তারা, কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখি পরিকল্পনা বর্ণনা করেন।
সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান নাজিম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন বিগত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের পাশাপাশি আছিম পাটুলী ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









