ফুলবাড়ীয়ায় ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দকৃত ৬৪ বস্তায় মোট ২ হাজার ৭৬০ কেজি সরকারি চাল জব্দ করেছে পুলিশ।শনিবার (৩১ মে) ভোরে উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার মোড় এলাকার আইনাল হকের (৫৫) বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্যবসায়ী আইনাল হক সরকারি চাল মজুত করে রেখেছেন। পরে ভোরে ফুলবাড়ীয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজির সরকারি সিলযুক্ত ২০ বস্তা এবং ৪০ কেজি করে আরও ৪৪টি বস্তাসহ মোট ২৭৬০ কেজি চাল জব্দ করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আইনাল হক পালিয়ে যান। তিনি কান্দানিয়া কচুয়ার মোড় গ্রামের কুশা বেপারীর ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জবান আলী জানান, আইনাল হক দীর্ঘদিন ধরে কালোবাজারির সঙ্গে জড়িত এবং জব্দকৃত চালগুলো পার্শ্ববর্তী ভালুকা উপজেলার উথুরা এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকনুজ্জামান বলেন, “সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দ চাল হয়তো কোনোভাবে সংগ্রহ করে মজুদ করা হয়েছিল। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় কারা জড়িত, সেটি তদন্ত করে বের করা হবে।” এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, “ঘটনার অধিকতর তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









