“বাল্যবিবাহ রোধ করি, সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সোমবার ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফুলবাড়িয়া সদর, নাওগাঁও ও কালাদহ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের অধিকার সুরক্ষার পাশাপাশি সমাজে সচেতনতা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরাম, ভিডিসি, শিক্ষক, স্থানীয় সরকার প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অনুষ্ঠানে অংশ নিয়ে বাল্যবিবাহ রোধে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক ব্যাধি নয়, এটি শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে। এই ঘোষণার মাধ্যমে ফুলবাড়িয়া উপজেলার তিনটি ইউনিয়ন নতুন এক দৃষ্টান্ত স্থাপন করল। উপস্থিত অতিথিরা প্রত্যাশা করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পুরো দেশ একদিন বাল্যবিবাহমুক্ত হবে।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান, যাতে প্রতিটি শিশু তার স্বপ্ন পূরণের সুযোগ পায়।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









