ঈদ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৪ মার্চ) সকাল থেকে শুরু হওয়া অভিযানে ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকান উচ্ছেদ এবং সিএনজি ও অটোগাড়ির স্টেশন স্থানান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানের বিষয়ে ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, “ঈদে নির্বিঘ্নে যান চলাচল ও মানুষের ভোগান্তি কমাতে পৌরসভার প্রধান সড়কগুলো যানজটমুক্ত রাখার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। যানজট মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।” অভিযানের অংশ হিসেবে পৌরসভার প্রধান সড়ক থেকে পাঁচটি সিএনজি ও অটোগাড়ির স্টেশন স্থানান্তর করা হয়। পাশাপাশি, ফুটপাত দখল করে থাকা দোকানগুলোও উচ্ছেদ করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ঈদের সময় যানজট ভয়াবহ আকার ধারণ করে, যা এই অভিযানের ফলে কিছুটা হলেও কমবে। প্রশাসন জানিয়েছে, যানজট নিরসনে নিয়মিত অভিযান চলবে এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 









