গত বুধবার (৫ নভেম্বর ২০২৫) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)-এর নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫–২০২৭ গঠিত হয়েছে। নবনির্বাচিত এই কমিটিতে মার্কেটিং বিশেষজ্ঞ ড. জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ড. জাহাঙ্গীর আলম বর্তমানে রিসার্চ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা-এর নির্বাহী পরিচালক এবং ফুলবাড়ীয়া প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনমুখী গবেষণা, সাংবাদিকতা ও ব্যবসায় প্রশাসনের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। একজন মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে দেশ-বিদেশে তাঁর বিভিন্ন গবেষণা ও প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ড. জাহাঙ্গীর আলম বলেন, “বাংলাদেশের সাংবাদিকদের আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করা আমার অঙ্গীকার। বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় সাধনই হবে আমার মূল লক্ষ্য।” নতুন কমিটিতে এটিএম মমতাজুল করিম সভাপতি এবং ছালেহ আহম্মেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সাংবাদিক সমাজের কল্যাণ ও পেশাগত উৎকর্ষে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ফুলবাড়ীয়া প্রতিদিন ডেস্ক 








